ফেনীবাসীর মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন দাবি পূরণের আশা পরিবেশমন্ত্রীর
আনোয়ার হোসেন
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফেনী সফরের মধ্য দিয়ে জেলাবাসীর দীর্ঘদিনের বিভিন্ন দাবি পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর আসন্ন ফেনী সফর উপলক্ষে পরশুরামের ঘাটঘর এলাকায় সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, সরকার গঠনের মাত্র ছয় থেকে সাত মাসের মাথায় প্রধানমন্ত্রী ফেনী সফরে আসছেন। এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর কাছে ফেনীবাসীর একটি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, লালপোল ফ্লাইওভার ও মুছাপুর রেগুলেটরসহ নানা গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। আমরা আশা করছি, এই সফরের মাধ্যমে ফেনীবাসীর এসব দীর্ঘদিনের দাবি পূরণ হবে।
পরিদর্শনকালে পরিবেশমন্ত্রী সভাস্থলের চারপাশের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। এ ছাড়া তিনি ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এবং পরশুরামের মুহুরী-কুহুয়া বাঁধ পরিদর্শন করে প্রস্তুতি সংক্রান্ত নির্দেশনা দেন।
প্রস্তুতি পরিদর্শনের সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম উপস্থিত ছিলেন।
এ ছাড়া অন্যান্যের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার এবং জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

