হাসপাতাল মোড় থেকে ব্যক্তি নিখোঁজ, পড়ে আছে তার মোটরসাইকেল
আনোয়ার হোসেন
ফেনী সদর হাসপাতাল মোড় থেকে আল ফাহাদ বিন চৌধুরী সুমন (৩২) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ৫ অক্টোবর (রবিবার) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময়।
জানা যায়, নিখোঁজ সুমন স্থানীয় আইসিএসটি ইনস্টিটিউটের হিসাব রক্ষক (অ্যাকাউন্ট্যান্ট) হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন তিনি মিথিলা টেলিকম নামের দোকান থেকে ৩০ হাজার টাকা নিজের নাম্বারে সেন্ড মানি করেন। এরপর দোকানের মালিক আমির হোসেনকে বলেন—“আমি একটু আসি, গাড়িটা খেয়াল রাখবেন।” তারপর থেকে তিনি আর ফিরে আসেননি।
ঘটনার পর তার ব্যবহৃত মোটরসাইকেলটি ফেনী সদর হাসপাতাল মোড়ে পড়ে থাকতে দেখা যায়, কিন্তু সুমনের কোনো সন্ধান মেলেনি।
পরিবার ও প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, তিনি অত্যন্ত শান্ত স্বভাবের একজন মানুষ এবং কারও সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না। পরিবার ধারণা করছে, তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে।
এ ঘটনায় আজ রাতে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ আল ফাহাদ বিন চৌধুরী সুমনের গ্রামের বাড়ি ফেনীর মোহাম্মদ আলী গ্রামে।
এদিকে হঠাৎ এ ঘটনার পর থেকে পরিবারের পাশাপাশি ব্যবসায়ী আমির হোসেনও দুশ্চিন্তায় আছেন, কারণ টাকা পাঠানোর পর থেকেই সুমনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

