আনন্দপুরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
ফুলগাজী প্রতিনিধি
২৬ আগস্ট: ফুলগাজী থানা প্রশাসনের উদ্যোগে আনন্দপুর ইউনিয়নের আনন্দপুর বাজারে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলামের নেতৃত্বে আয়োজিত র্যালিটি আনন্দপুর বাজারের দক্ষিণ দিক থেকে শুরু হয়ে প্রধান সড়ক অতিক্রম করে বাজারের উত্তর দিকে যায়। পরে র্যালিটি আনন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল মজুমদার গোলাপের অফিসের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আনন্দপুরসহ পুরো ফুলগাজী উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা দৃঢ়ভাবে বলেন, ‘আজ থেকে আনন্দপুরসহ ফুলগাজী উপজেলায় আর মাদক চলবে না।’
সমাবেশে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম (ভিপি স্বপন), সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী বাবু, আনন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়া হায়দার নাসির, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া ফারুক ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিন্টু।
এছাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক আইয়ুব ও মহিউদ্দিন মহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পলাশ, ইউনিয়ন বিএনপি নেতা শাহাদাত হোসেন সাবলু ও জিয়াসহ আনন্দপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

