জাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

বিনা অনুমতি ছাড়াই সমাবেশের ডাক জামায়াতের-অনুমতি পেলো বিএনপি-আওয়ামী লীগ,

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশের ঢাকায় শনিবারের মহাসমাবেশের জন্য বিরোধী দল বিএনপি এবং ক্ষমতাসীন আওয়ামী লীগকে তাদের নির্ধারিত জায়গাতেই সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ।

যদিও অনুমতির বিপরীতে শান্তিপূর্ণ সমাবেশের জন্য বেশ কিছু শর্ত মেনে চলতে বলা হয়েছে বলে এক প্রেস ব্রিফিং এ জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডঃ খ মহিদ উদ্দিন।

তবে জামায়াতে ইসলামীকে ঢাকা মহানগর পুলিশ মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের অনুমতি না দিলেও দলটি সন্ধ্যায় এক বিবৃতিতে তাদের ঘোষিত ‘মহাসমাবেশ সফল করতে’ নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছে।

ওদিকে অনুমতি পাওয়ার পরপরই বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এবং আওয়ামী লীগ বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে মঞ্চ নির্মাণের কাজ শুরু করেছে। এর আগে শুক্রবার বিকেলে উভয় দলের মঞ্চ নির্মাণের প্রস্তুতি বন্ধ করে দিয়েছিলো পুলিশ।

বিএনপির সাথে সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে আছে এমন কয়েকটি দলও ঢাকার বিভিন্ন স্থানে সমাবেশের কর্মসূচি পালন করবে।

এদিকে বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন প্রবেশমুখে যানবাহন থামিয়ে তল্লাশি ছাড়াও বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গেছে র‍্যাবসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এছাড়া নয়াপল্টন এলাকায় বসানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা।

প্রসঙ্গত, সরকারের পদত্যাগের দাবিতে শনিবারের এ মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি আর আওয়ামী লীগ করছে ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’। তবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেলে প্রেস ব্রিফিং এ বলেছেন কেউ সহিংসতা করলে তাদের প্রতিহত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *