হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শহর প্রতিনিধি
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও তারুণ্যের উচ্ছ্বাসের মধ্য দিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ শুক্রবার সকালে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে এমাম সেলিম বর্তমান রাষ্ট্রব্যবস্থার তীব্র সমালোচনা করে বলেন, এই ব্যবস্থা মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে। তরুণরা বারবার বিপ্লব করেছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নি। ভাগ্য পরিবর্তনের জন্য শুধু নেতৃত্ব নয়, পুরো সিস্টেমের আমূল পরিবর্তন করতে হবে বলে তিনি মন্তব্য করেন৷ তিনি সিস্টেম পরিবর্তনের এই সংগ্রামে তরুণ ও ছাত্রজনতাকে এগিয়ে আসার আহ্বান জানান।
হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সভাপতি রাদ উল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ঢাকা বিভাগীয় কো-অর্ডিনেটর জাকারিয়া মাহাথির, হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, এসএম সামসুল হুদা, ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন প্রমুখ।
এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দুই হাজারের বেশি শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল ব্যাপক উচ্ছ্বাস-উদ্দীপনা।

