মীরসরাইয়ে ছদ্মবেশী ৭ মহিলা চোর গ্রেফতার
সংবাদদাতা
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাধারণ চিকিৎসা সেবার লাইনে দাঁড়িয়ে ছিনতাইয়ের সময় ৭ জন মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরের টিকেট কাউন্টরের সামনে লাইনে দাঁড়িয়ে টিকেট ক্রয়ের সময় রোগীর ছদ্মবেশে ১০-১১ জন মহিলা লাইনে ভিড় ও ঠেলাঠেলি শুরু করেন। এসময় ভিড়ের মধ্যে চিকিৎসাসেবা নিতে আসা তিনজন মহিলার গলায় পরিহিত ০৩টি স্বর্ণের চেইন চুরি হয়ে যায়। যার ওজন প্রায় ১৭ আনা ২ রতি ১ পয়েন্ট। স্বর্ণালংকার চুরির খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ স্থানীয় লোকদের সহায়তায় ঘটনাস্থল হতে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৭ জন মহিলাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের তল্লাশি করে চুরিকৃত ৬ আনা ২ রতি ১ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উক্ত ঘটনায় জোরারগঞ্জ থানার মামলা নং-২৫ দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
