জুলাই বিপ্লব ২০২৪: শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে ফ্যাসিবাদবিরোধী আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি : মির্জা নাদিম
টঙ্গী সরকারি কলেজে অনুষ্ঠিত হলো “জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদবিরোধী আলোচনা সভা”, যেখানে জুলাই বিপ্লব ২০২৪-এ আহত ও নিহত শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ফারজানা পারভিন এবং প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন প্রফেসর হাসিনা আক্তার খানম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,”জুলাই বিপ্লব আমাদের জন্য এক মহান শিক্ষা। ইতিহাস সাক্ষী, ১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত এ দেশের ছাত্রজনতা স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়ে লড়াই করেছে। ঠিক তেমনই ২০২৪ সালেও ছাত্রসমাজ রক্ত দিয়ে প্রমাণ করেছে যে, বাংলাদেশে স্বৈরাচারের কোনো স্থান নেই।”
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মোঃ আবুল কালাম আজাদ বলেন,
“শহীদ ছাত্রজনতা রক্ত দিয়ে প্রমাণ করেছেন যে, তারা সাম্য, মানবিক মর্যাদা ও বৈষম্যহীন একটি দেশের স্বপ্ন দেখেছিলেন। আমাদের দায়িত্ব হলো বাংলাদেশকে এমনভাবে সংস্কার করা, যেন ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিতে না পারে।”
অনুষ্ঠানে টঙ্গী সরকারি কলেজের জুলাই বিপ্লবের শহীদ পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
