নোয়াখালি প্রেসক্লাবে নির্বাচন,বখতিয়ার সভাপতি মঞ্জু সম্পাদক
নোয়াখালী প্রতিনিধি
‘ছয় বছরের নানান জটিলতা কাটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নোয়াখালী প্রেসক্লাব নির্বাচন’
সভাপতি বখতিয়ার, সাধারন সম্পাদক মঞ্জু
নোয়াখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বখতিয়ার শিকদার ও সাধারণ সম্পাদক পদে আবু নাসের মঞ্জু নির্বাচিত হয়েছেন। প্রায় ৬ বছরের নানান জটিলতা কাটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কার্যকরী কমিটি নির্বাচিত করল নোয়াখালী প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
আনন্দ মুখর পরিবেশে ২৩শে সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসন স্কুলের হল রুমে জেলা প্রশাসক দেওয়ান মাহবুব রহমান এর নিয়ন্ত্রণে ১০জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে প্রশাসনিক নিরাপত্তা বলয়ের মধ্যে একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বহুল কাঙ্খিত সাংবাদিক নেতৃত্ব নির্বাচিত করেন ভোটারবৃন্দ।
প্রেসক্লাবের ৫৭ জন সদস্যের মধ্যে সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন ভোটের আগেই মৃত্যুবরণ করায় বাকি ৫৬ জন সদস্যের মধ্যে মোট ৫৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বখতিয়ার শিকদার ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর ইউসুফ । সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে আবু নাছের মঞ্জু ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল হাসান । কোষাধ্যক্ষ পদে আলাউদ্দিন শিবলু ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়।
এছাড়া সহ-সভাপতি পদে দু’জন মাসুদ পারভেজ (এনটিভি) ৩৫ভোট ও শাহ এমরান সুজন (দৈনিক সোনালী জমিন) ৩২ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দু’জন এ আর আজাদ সোহেল (দৈনিক ভোরের আকাশ) ২৬ভোট ও আকবর হোসেন সোহাগ (নিউজ ২৪) ২২ভোট পেয়ে নির্বাচিত হন।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মোঃ সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে ৩০ভোট পেয়ে নির্বাচিত হন নাসির শাহ নয়ন। প্রচার সম্পাদক পদে গাজী রুবেল ৩০ভোট পেয়ে নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্য পদে তিনজন, আব্দুল মোতালেব ৩০ভোট, নুর রহমান ২৩ভোট ও মাহাবুবুর রহমান বাবু ২৩ভোট পেয়ে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
আইনি জটিলতায় আদালতের কাঠগড়ায় হামাগুড়ি দিতে দিতে দীর্ঘ ৬ বছর পিছিয়ে পড়া নোয়াখালী প্রেসক্লাব পেল নতুন যোগ্য নেতৃত্ব। সাধারণ সদস্যরা বিশ্বাস করে ন্যায্যতা, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে নব-নির্বাচিত কমিটির যোগ্য নেতৃত্বের হাত ধরেই নোয়াখালী প্রেস ক্লাব এগিয়ে যাবে উন্নয়নের বার্তা নিয়ে।

