ফেনী মেডিসিন মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
শহর প্রতিনিধি
ফেনী মেডিসিন মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ছয়টি ওষুধের দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিবন্ধনহীন ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। একই সঙ্গে কয়েকটি ওষুধের দোকানকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৫০ মিনিটে ফেনী মেডিসিন মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা। এ সময় সহযোগিতা করে ঔষধ প্রশাসন অধিদপ্তর, ফেনী।
অভিযান চলাকালে মার্কেটের বিভিন্ন ওষুধের দোকানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত নয়—এমন ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার প্রবণতা পরিলক্ষিত হয়।
এসব অপরাধে মেসার্স নিউ মা মনি মেডিসিন শপ, মেসার্স টু স্টার মেডিসিন শপ, মেসার্স মুন স্টার ফার্মেসী, লোকনাথ ফার্মেসী, মেসার্স লোকনাথ মেডিসিন শপ ও মমতা মেডিসিন কর্ণারকে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী পৃথক ছয়টি মামলায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া লাইসেন্সবিহীনভাবে পরিচালিত কয়েকটি ওষুধের দোকানকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর, ফেনীর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আনসার-ভিডিপির সদস্যরা সহযোগিতা করেন।
জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা এবং ওষুধের বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
